মাদক মজুত করে পুরিয়া তৈরির কারবার, মেদিনীপুরে পুলিশের অভিযানে উদ্ধার সোনা-রুপো ও নগদ টাকা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মাদক কারবারের বড়সড় চক্রের হদিশ পেল কোতোয়ালি থানার পুলিশ। বুধবার গভীর রাতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় শেখ সাব্বিরের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হল ৩৬৮.৫ গ্রাম মাদক। পাশাপাশি উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সোনা-রুপোর গয়না এবং লক্ষাধিক টাকা নগদ।

এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে শেখ রাজেস (২৮) এবং শেখ শরিফুদ্দিন (৩৫) নামে দুই ব্যক্তিকে। বৃহস্পতিবার ধৃতদের মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক তাদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

বৃহস্পতিবার রাতে সাংবাদিক সম্মেলন করে পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, অভিযানে তিন প্যাকেট মাদক উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লক্ষ টাকা। এছাড়াও উদ্ধার হয়েছে ৫২ গ্রাম সোনা, যার বাজারমূল্য প্রায় সাড়ে আট লক্ষ টাকা। ২০০ গ্রাম রুপোর বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা। পাশাপাশি নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা উদ্ধার হয়েছে।

পুলিশ সুপারের দাবি, এতদিনের অভিযানে মূলত মাদকের ছোট ছোট পুরিয়া উদ্ধার হলেও, এবার এমন একটি জায়গার হদিশ মিলেছে, যেখানে মাদক মজুত করে পুরিয়া তৈরি করে বিক্রি করা হতো। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মাদক ওজন করার মেশিনও। পুলিশের দাবি, এর পিছনে বড়সড় মাদক কারবারের চক্র কাজ করছিল। সেই চক্রের হদিশ পেয়েছে পুলিশ।

তবে মাদক ছাড়াও বিপুল পরিমাণ সোনা ও রুপোর গয়না উদ্ধারের ঘটনায় নতুন করে সন্দেহ তৈরি হয়েছে। এই গয়না কোথা থেকে এল, এর সঙ্গে কোনও স্বর্ণ ব্যবসায়ীর যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *