মালদা, নিজস্ব সংবাদদাতা:– দীপাবলির আগে বড়সড় সাফল্য মানিকচক থানার পুলিশের, মথুরাপুর ডেইলি মার্কেট থেকে উদ্ধার প্রায় ২০০ প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি
দীপাবলির আগে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল মানিকচক থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মথুরাপুর ডেইলি মার্কেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল পুলিশ। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানিকচক থানার আইসি সূর্যদীপ্ত ভট্টাচার্যের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ২০০ প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া শব্দবাজিগুলির আনুমানিক বাজারমূল্য কয়েক হাজার টাকা।
উল্লেখ্য, আসন্ন দীপাবলি উৎসবকে কেন্দ্র করে নিষিদ্ধ শব্দবাজির ব্যবহার ও বিক্রি রুখতে বিশেষভাবে তৎপর মানিকচক থানার পুলিশ প্রশাসন। শান্তিপূর্ণ ও শব্দদূষণমুক্ত দীপাবলি নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। পুলিশের এই অভিযানে নিষিদ্ধ শব্দবাজি বিক্রেতাদের মধ্যে সতর্কতা তৈরি হয়েছে।