নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের যুব সভাপতির বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। গতকাল বিজেপি রাজ্য সভাপতি এক্স হ্যান্ডেলে এই তৃণমূল নেতার বিরুদ্ধে এই অভিযোগের পর চাঞ্চল্য ছড়ায় জেলার রাজনৈতিক মহলে। সুকান্ত মজুমদারের অভিযোগ দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল যুব সভাপতি তথা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অম্বরীশ সরকার চাকরি দেওয়ার নাম করে দশ লক্ষ টাকা নেন। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা আদালতে জনৈক্য কলকাতা নিবাসী কৌশিক গাঙ্গুলী মামলা করায়, আদালতের নির্দেশে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানায় অম্বরীশ সরকারের বিরুদ্ধে এফআইআর করা হয়। সেই আদালতের নির্দেশের কপির স্ক্রিনশট দিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে টুইট করেন। পাশাপাশি এদিন সুকান্ত মজুমদার টুইট করার বিষয়টি স্বীকার করে জানান, অম্বরিশ সরকারের বিরুদ্ধে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে।
একইভাবে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী তৃণমূল নেতা অম্বরিশ সরকারের বিরুদ্ধে দশ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ করেন।
তবে এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের আভাস পাওয়া গিয়েছে। দক্ষিণ দিনাজপুর তৃণমূল যুব সভাপতি অম্বরীশ সরকার এক সাংবাদিক সম্মেলন করে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান। তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগের বিষয়ে তৃণমূলেরই হাত রয়েছে বলে তিনি মনে করেন।
স্বাভাবিকভাবেই, তৃণমূল যুব জেলা সভাপতি অম্বরীশ সরকারের কথায়, এই ঘটনায় জেলায় যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যথেষ্ট রয়েছে তা ফুটে উঠেছে।












Leave a Reply