মুখ্যমন্ত্রীর ঘোষিত ১ লক্ষ টাকার অনুদান পেল বৈষ্ণবনগরের দুর্গাপুজো কমিটিগুলি।

বৈষ্ণবনগর, নিজস্ব সংবাদদাতা: আসন্ন দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৈষ্ণবনগরে দুর্গাপূজা কমিটিগুলির হাতে রাজ্য সরকারের আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হল। মালদা জেলা পুলিশ ও বৈষ্ণবনগর থানার উদ্যোগে সোমবার বৈষ্ণবনগরের প্রমোদ ভবনে এই চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বৈষ্ণবনগর থানা এলাকার প্রায় ৮৬টি স্বীকৃত ও নিবন্ধিত দুর্গাপূজা কমিটির সভাপতি ও সম্পাদকদের হাতে মুখ্যমন্ত্রীর ঘোষিত ১ লক্ষ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি, উৎসবের দিনগুলিতে পুজো পরিচালনা সুষ্ঠু ও সুশৃঙ্খল রাখতে কমিটির প্রতিনিধিদের প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশিকা ও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক রাজু কর্মকার, কালিয়াচক-৩ ব্লকের বিডিও বাপি হালদার, বৈষ্ণবনগর থানার আইসি সুদীপ চক্রবর্তী-সহ স্থানীয় প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের অন্যতম প্রতীক। উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে পুলিশ ও প্রশাসন সবরকমভাবে পুজো কমিটিগুলির পাশে থাকবে বলেও তাঁরা জানান।

রাজ্য সরকারের আর্থিক অনুদান এবং প্রশাসনের সহযোগিতায় বৈষ্ণবনগর এলাকার পুজো উদ্যোক্তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গিয়েছে। আসন্ন দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য পুজো কমিটি ও প্রশাসনের মধ্যে সমন্বয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *