মালদা, নিজস্ব সংবাদদাতা: হবিবপুর ব্লকের কেন্দপুকুর হাই স্কুলের বাদল মাঠে বুধবার অনুষ্ঠিত হলো মালদা জেলা নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। জেলার নানা প্রান্তে চলতি মাসের ১১ তারিখ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনালকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল চরম উত্তেজনা।
ফাইনাল দিনের সূচনায় জাতীয় পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন, বেলুন ও পায়রা উড়িয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এরপর শুরু হয় ফাইনাল ম্যাচ – মুখোমুখি হয় মালদা বিধানসভা ও গাজোল বিধানসভা। খেলায় শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে উত্তেজনা তুঙ্গে ওঠে। শেষ পর্যন্ত মালদা বিধানসভা দল ১ গোলে এগিয়ে গাজোলকে হারিয়ে নরেন্দ্র কাপের শিরোপা জিতে নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি প্রতাপ সিং, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, হবিবপুর বিধায়ক জোয়েল মুর্মু, মালদা বিধায়ক গোপাল সাহা, গাজোল বিধায়ক চিন্ময় দেব বর্মন এবং আকতৈল গ্রাম পঞ্চায়েতের প্রধান গায়ত্রী বর্মন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও পুরস্কার।












Leave a Reply