চন্দ্রকোনা রোডে প্রথমবার সার্বজনীন কার্তিক পুজো, উৎসাহে মেতে উঠেছে স্থানীয়রা।

নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোনা রোডঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ব্লক–৩-এর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের বিলা গ্রামে প্রথমবার আয়োজন করা হলো সার্বজনীন কার্তিক পুজো। কার্তিক সংঘের পরিচালিত এই পুজোকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে বিশেষ উন্মাদনা। কারণ এতদিন কার্তিক পুজো মূলত ব্যক্তিগত বা পারিবারিক পরিসরেই সীমাবদ্ধ ছিল; এবার প্রথমবার তা সার্বজনীন রূপে অনুষ্ঠিত হচ্ছে।

পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের তপশিলি জাতি ও অনগ্রসর সম্প্রদায় মোর্চার জেলা সভাপতি কৃষ্ণেন্দু বিষই। তবে উদ্বোধনের মঞ্চেই শুরু হয় রাজনীতির তরজা। বিরোধী দল দাবি করে, “পনেরো বছর তৃণমূল কোনও বড় কাজ করেনি—এখন ভোটের আগে মেলা, খেলা, পুজো নিয়েই ব্যস্ত।” পাল্টা তৃণমূলের বক্তব্য, “আমরা উন্নয়নও করি, পূজাও করি। মানুষকে সঙ্গে নিয়েই এগিয়ে যাই।”

ঐতিহ্য ভেঙে নতুন দৃষ্টান্ত

প্রচলিত বিশ্বাস অনুযায়ী কার্তিক পুজো করলে নিঃসন্তান দম্পতি সন্তান লাভ করেন এবং পরিবারে সমৃদ্ধি আসে। অতীতে এটি মূলত বাবু সম্প্রদায় বা সক্ষম পরিবারের অভ্যন্তরে পালন করা হতো। কিন্তু বিলা গ্রামে এবারের সার্বজনীন উদ্যোগ সেই পুরনো ধারা ভেঙে নতুন সামাজিক উদাহরণ তৈরি করেছে।

এখানে শুধু ধর্মীয় আচার নয়—পুরো উৎসবই সামাজিক মিলনমেলার রূপ নিয়েছে। এলাকার সবস্তরের মানুষ একসঙ্গে অংশ নিয়ে উৎসবকে সফল করছেন। যুবসমাজের উদ্যোগ ও অংশগ্রহণ বিশেষভাবে লক্ষ্যণীয়।

নেতৃত্বের বার্তা

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষ্ণেন্দু বিষই বলেন—
“আমরা চাই এই পুজো আরও বড় হোক, সকলের অংশগ্রহণে একতা ও সম্প্রীতির বার্তা ছড়াক। সার্বজনীন এই আয়োজন ভবিষ্যতের অন্যান্য উৎসবের পথপ্রদর্শক হতে পারে।”

বাঁশবেড়িয়ায় মতই বিখ্যাত হওয়ার স্বপ্ন

উল্লেখ্য, বাঁশবেড়িয়ার সার্বজনীন কার্তিক পুজো আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছে। বিলা কলোনীর বাসিন্দাদের আশা—এই নতুন উদ্যোগও একদিন সেই পথেই হাঁটবে এবং ব্যাপক জনপ্রিয়তা পাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *