বালুগ্রামে ফের গুলিবর্ষণ, আতঙ্কে এলাকা – তদন্তে পুলিশ।

মালদা, নিজস্ব সংবাদদাতা: – মালদার কালিয়াচক থানার মোজমপুর গ্রাম পঞ্চায়েতের বালুগ্রাম আবারও উত্তপ্ত। মঙ্গলবার গভীর রাতে পরপর দুই রাউন্ড গুলির আওয়াজে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, দুষ্কৃতীরা টার্গেট করে গুলি চালায় এলাকার যুবক ওবায়দুর শেখের বাড়ির জানালার দিকে। হামলার সময় বাড়ির মধ্যে ছিলেন তাঁর বৃদ্ধা মা। তবে অল্পের জন্য বড় বিপদ এড়ানো গেছে।

ঘটনার সময় ওবায়দুর শেখ বাড়ির বাইরে ছিলেন। হঠাৎ গুলির শব্দে গ্রামবাসীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়, পথচারীরা নিরাপত্তার জন্য বিভিন্ন দিকে ছুটে আশ্রয় নেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কালিয়াচক থানার পুলিশ বাড়ি থেকে দুটি গুলির খোল উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান— পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছে। সম্প্রতি কিছুদিন শান্ত থাকার পর এমন গুলিবর্ষণ আবারও এলাকায় অস্বস্তি বাড়িয়েছে। প্রশ্ন উঠছে— কালিয়াচক কি আবার অশান্তির দিকে এগোচ্ছে?

বর্তমানে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সন্দেহভাজনদের খুঁজতে তল্লাশি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *