কালিয়াচক হাইস্কুলে অশান্তি: ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে প্রতিবাদী মিছিল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- কালিয়াচক হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়েম আসগারের পদত্যাগের দাবিতে রবিবার কালিয়াচক চৌরঙ্গী মোড়ে প্রতিবাদী মিছিল করলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা। শনিবার দ্বাদশ শ্রেণির এক ছাত্রের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া এবং তাকে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগ ওঠার পরই এই বিক্ষোভের সূত্রপাত। অভিযোগের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভ বাড়তে থাকে। তবে ওই ভিডিওটির সত্যতা সংবাদমাধ্যম স্বাধীনভাবে যাচাই করেনি।

অভিযোগকারী ছাত্র ইমরান শেখের বক্তব্য,
“অতিরিক্ত ফি নেওয়ার বিষয়ে জানতে চাইতেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাকে কলার ধরে টেনে মারধর করেন।”

ইমরানের আরও দাবি, কালিয়াচক থানায় অভিযোগ জানাতে গেলে কিছু পুলিশ কর্মী তাকে জানান—
“ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নামে অভিযোগ করলে জীবন বরবাদ করে দেওয়া হবে।”
ফলে থানায় তার লিখিত অভিযোগ গ্রহণ করা হয়নি বলেই জানান তিনি।

প্রতিবাদে যোগ দিয়ে প্রাক্তন ছাত্র আলমগীর খান বলেন,
“ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ উঠেছে। গণতান্ত্রিক দেশে অতিরিক্ত ফি নিয়ে প্রশ্ন করলে কোনও ছাত্রকে মারধর করা অগ্রহণযোগ্য। যেখানে সরকারি নির্ধারিত ফি ২১৫ টাকা, সেখানে ৫০০ টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ। আমরা তার অবিলম্বে পদত্যাগ দাবি করছি।”

ঘটনার পর থেকে বিদ্যালয় চত্বরে উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ নিয়ে শিক্ষা দপ্তর, পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকরাও। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *