আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- জালদাপাড়া জাতীয় উদ্যানে নববর্ষের দিন এক আনন্দঘন ঘটনার সাক্ষী থাকল বন দপ্তর। ২০২৬ সালের ১ জানুয়ারি, অর্থাৎ ইংরেজি নববর্ষের প্রথম দিনেই জলদাপাড়া জাতীয় উদ্যানে এক শৃঙ্গ গণ্ডারের একটি শাবকের জন্ম হয়েছে। নিয়মিত নজরদারির সময় হাতি পিঠে টহলদারি দল এই সদ্যোজাত গণ্ডার শাবকটিকে তার মায়ের সঙ্গে দেখতে পায়। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, জলদাপাড়া জাতীয় উদ্যানের নির্ধারিত প্রোটোকল অনুযায়ী প্রতিটি নবজাত গণ্ডার শাবকের জন্ম নথিভুক্ত করা হয়। জন্মের পর থেকেই শাবক ও তার মায়ের উপর বিশেষ নজরদারি চালানো হয়। নিয়মিত পর্যবেক্ষণ, অবস্থান শনাক্তকরণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় যাতে শাবকটি সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং কোনওরকম বিপদের সম্মুখীন না হয়। এদিকে ইংরেজি নববর্ষের দিনে গণ্ডার শাবকের জন্ম বনপ্রেমী ও পরিবেশবিদদের কাছে অত্যন্ত সুখবর। এটি জলদাপাড়ার বাস্তুতন্ত্র যে সুস্থ ও ভারসাম্যপূর্ণ অবস্থায় রয়েছে, তারই স্পষ্ট প্রমাণ।
বন দপ্তরের নজরদারিতে নবজাত গণ্ডার, সুস্থ বাস্তুতন্ত্রের বার্তা জলদাপাড়ায়।












Leave a Reply