বিষ্ণুপুর-বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা :- বিষ্ণুপুরে পথ দূর্ঘটনায় পথচারীর মৃত্যুর ঘটনার খবর করার সময় সাংবাদিককে নিগ্রহের ঘটনায় দুই ব্যক্তিকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। ঘটনার প্রায় তিন সপ্তাহের মাথায় গতকাল রাতে বিষ্ণুপুর শহরের গোপালপুর এলাকা থেকে সুদীপ শিট ও চন্ডী বাগদী নামের দুই যুবককে গ্রেফতার করে। ধৃতদের আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় যুক্ত আরেকজন এখনও পলাতক।
গত ১৮ ডিসেম্বর রাতে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের বাইপাসে বেপরোয়া গতিতে থাকা একটি ডাম্পারের ধাক্কায় সাইকেল আরোহী স্থানীয় এক বাসিন্দার মৃত্যু হয়। সেই ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে খবর সংগ্রহে যায় সাংবাদিকরা। সেই সময় স্থানীয় ৩ জন উত্তেজিত যুবক সাংবাদিককে মারধোর ও হেনস্থা করে বলে অভিযোগ। মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পুলিশের সামনে গোটা ঘটনা ঘটলেও পুলিশ সেসময় নিস্ক্রিয় ছিল বলে অভিযোগ। পরের দিন বিষয়টি লিখিতভাবে জানিয়ে বিষ্ণুপুর থানায় ৩ হামলাকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। প্রায় ১৮ দিন পর সেই ঘটনায় বাইপাস সংলগ্ন গোপালপুর এলাকা থেকে সুদীপ শিট ও চন্ডী বাগদী নামের দুই হামলাকারীকে গ্রেফতার করে বিষ্ণুপুর থানার পুলিশ। এই ঘটনায় অপর অভিযুক্তর এখনো কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছে পুলিশ।












Leave a Reply