মালদা টাউন স্টেশন থেকে গণিখান ভবন—কংগ্রেসে প্রত্যাবর্তনে শক্তি প্রদর্শন মৌসুম নূরের।।

দেবাশীষ পাল,মালদা—– মালদার রাজনীতিতে ফের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলল প্রাক্তন সাংসদ মৌসুম নূরের ঘর ওয়াপসির মাধ্যমে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। তবে বিধানসভা নির্বাচনের আগে মালদায় তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা এবং রাজনৈতিক সমীকরণ বদলের প্রেক্ষিতে আবারও নিজের পুরনো দল কংগ্রেসে ফিরে এলেন মৌসুম নূর। গনি খান পরিবারের উত্তরাধিকার হিসেবে কংগ্রেসেই নিজের রাজনৈতিক ভবিষ্যৎ মজবুত করতে চান বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
দিল্লিতে গিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দেন মৌসুম নূর। এরপর আজ তিনি মালদায় ফিরে আসেন। তার সঙ্গে ছিলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী, প্রাক্তন বিধায়ক মুত্তাকীন আলম, কংগ্রেস নেতা মুস্তাক আহমেদ সহ একাধিক জেলা ও ব্লক স্তরের কংগ্রেস নেতৃত্ব। মৌসুম নূরের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
তাকে স্বাগত জানাতে মালদা টাউন রেলওয়ে স্টেশনে ভিড় করেন অসংখ্য কংগ্রেস কর্মী ও সমর্থকরা। সেখান থেকে একটি শোভাযাত্রার মাধ্যমে মৌসুম নূর পৌঁছন গণিখান ভবনে। সেখানে একটি বিশাল জনসভা ও কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। সভায় উপস্থিত নেতাকর্মীদের জন্য খাওয়া-দাওয়ারও বিশেষ ব্যবস্থা করা হয়েছিল।
সভা মঞ্চ থেকে মৌসুম নূর জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলকে শক্তিশালী করাই তার মূল লক্ষ্য। মালদার মানুষের স্বার্থে এবং কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন। তার এই প্রত্যাবর্তনে মালদার রাজনৈতিক সমীকরণ নতুন মোড় নিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *