কয়েক হাজার মানুষের পদযাত্রা, এসআইআর নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে এসআইআর-এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে বুধবার মালদা শহরে প্রতিবাদে সরব হল তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল কমিটির ডাকে এদিন শহরের বিভিন্ন রাস্তায় বিশাল ধিক্কার মিছিল পরিক্রমা করে।
মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, জেলা তৃণমূলের চেয়ারপার্সন চৈতালী ঘোষ সরকার, জেলা মুখপাত্র আশিস কুন্ডু, তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, গৌতম দাস সহ অন্যান্য নেতৃত্ব। তাঁদের নেতৃত্বে কয়েক হাজার কর্মী-সমর্থক রাজপথে নেমে প্রতিবাদে সামিল হন।
এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী অভিযোগ করেন, কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন যৌথভাবে এসআইআর-এর নামে সাধারণ মানুষকে হয়রানি করছে এবং ভোটাধিকার খর্ব করার চেষ্টা চলছে। তাঁর দাবি, বৈধ ভোটারদের ‘বাংলাদেশি’ ও ‘রোহিঙ্গা’ তকমা দেওয়ার অপচেষ্টা চলছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে আমরা কাউকেই ছেড়ে কথা বলব না।”
এই ইস্যুকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। বিজেপির পক্ষ থেকে অবশ্য এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *