নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বালুরঘাটের ব্লক উন্নয়ন আধিকারিক (বি.ডি.ও) সোহম চৌধুরী। এক থ্যালাসেমিয়া আক্রান্ত কন্যাশিশুর প্রাণ বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান করলেন তিনি। জানা গেছে, ‘বি পজেটিভ’ রক্তের জরুরি প্রয়োজন ছিল ওই শিশুটির। বিষয়টি জানতে পেরে সময় নষ্ট না করে বালুরঘাট ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্ত দেন বিডিও।
এ প্রসঙ্গে সোহম চৌধুরী বলেন, “রক্তদান জীবন দান। আজকে হয়তো আমি এই বি.ডি.ও’র চেয়ারে বসেছি, কিন্তু এই চেয়ার সরিয়ে নিলে আমি একজন সাধারণ মানুষ। যখনই আমার কানে আসে যে একটা বাচ্চা মেয়ের ‘বি পজেটিভ’ গ্রুপের রক্ত দরকার এবং আমারও ওই একই গ্রুপের রক্ত, সেই জন্য আমি সময় নষ্ট না করে বালুরঘাট ব্লাড ব্যাঙ্কে যাই এবং রক্ত দিই।”
তিনি আরও বলেন, “আমরা জানি রক্তদান করা নিয়ে মানুষের মধ্যে একটা ভীতি আছে এবং আমার পরিবারের লোকেরাও সেই ভীতির ঊর্ধ্বে নয়। কিন্তু আমার সাধারণ মানুষের কাছে আবেদন থাকবে, এই ভীতি কাটিয়ে সমাজের সর্বস্তরের নাগরিকদের রক্ত সংকট মেটাতে এগিয়ে আসা উচিত এবং রক্তদান করা উচিত। কারণ আমরা জানি, রক্ত বাজার থেকে কিনতে পাওয়া যায় না। একজন মানুষের কাছ থেকেই একজন মানুষ রক্ত পায়। আমার রক্ত ওই বাচ্চা মেয়েটির উপকারে লাগছে দেখে ভালো লাগছে।”
‘রক্তদান জীবন দান’—মানবিক উদ্যোগে এগিয়ে এলেন বিডিও সোহম চৌধুরী।












Leave a Reply