মার্কসের মূর্তি ঘিরে বিতর্ক, নামফলক ঢেকে ব্যানার টাঙানোর দাবি হিন্দু সুরক্ষা সমিতির।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মেদিনীপুর শহরের গেট বাজার সংলগ্ন জল ট্যাংকির কাছে থাকা কার্ল মার্কসের মূর্তিকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে মূর্তির নিচে থাকা কার্ল মার্কসের নামফলক কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। পাশাপাশি মূর্তির স্তম্ভে সংগঠনের নাম লেখা একটি ব্যানারও টাঙানো হয়েছে। হিন্দু সুরক্ষা সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি রথীন পালের দাবি, গত ১ অক্টোবর সংগঠনের পক্ষ থেকেই এই নামফলক ঢেকে দেওয়া হয়। তাঁর বক্তব্য, মেদিনীপুর তথা পশ্চিম মেদিনীপুরের সঙ্গে কার্ল মার্কস বা ভ্লাদিমির লেনিনের কোনও ঐতিহাসিক সম্পর্ক নেই। তাই জেলার কোথাও তাঁদের মূর্তি থাকা উচিত নয় বলে দাবি সংগঠনের।
বিষয়টি জেলা প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছে বলেও দাবি করেন রথীন পাল। পাশাপাশি গেট বাজারের জল ট্যাংকির কাছে থাকা মার্কসের মূর্তি সরিয়ে সেখানে ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরার মতো মেদিনীপুরের বীর সন্তানদের মূর্তি স্থাপনের দাবি জানিয়েছে সংগঠন।
অন্যদিকে, এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিপিএম। পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএমের সম্পাদক বিজয় পাল হিন্দু সুরক্ষা সমিতির এই পদক্ষেপের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ফ্যাসিস্ট কায়দায় দখলদারির চেষ্টা চলছে। মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করবে বলেও দাবি করেন তিনি।
কার্ল মার্কসের মূর্তির নামফলক ঢেকে দেওয়া এবং মূর্তির স্তম্ভে সংগঠনের ব্যানার টাঙানোকে কেন্দ্র করে মেদিনীপুর শহরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এখন প্রশাসন এই ঘটনায় কী পদক্ষেপ করে, সেদিকেই নজর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *