বোর্ড সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পাল্টা অস্বীকারl

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: আর্থিক দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল কোচবিহার জেলার একটি সমবায় সমিতিতে। গড়াই মারী রবীন্দ্রনাথ স্মৃতি সংঘ সমবায় সমিতি-র একাংশ বোর্ড সদস্য অন্য সদস্যদের বিরুদ্ধে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন।
জানা গিয়েছে, সমিতির মোট ১৭ জন বোর্ড সদস্যের মধ্যে ১১ জন সদস্য অভিযোগ করেন, বাকি সদস্যদের না জানিয়ে তিনজন পদাধিকারী—সভানেত্রী সারজিনা বিবি, সম্পাদিকা রাখিয়া বিবি এবং কোষাধ্যক্ষ খোরসেদা বিবি—লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।
অভিযোগকারীদের দাবি, সমবায়ের অর্থের একটি অংশ মহাসংঘে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় সামসেদা বিবি-র নামও উঠে এসেছে। পাশাপাশি ব্যাংকের এক আধিকারিকের ইন্ধন রয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সভানেত্রী সারজিনা বিবি। তাঁর দাবি, অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন।
এদিন সমবায়ের পক্ষ থেকে শাড়ি বিতরণ কর্মসূচি চলাকালীন দুই পক্ষের মধ্যে বচসা তৈরি হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
ঘটনার বিষয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও)-এর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *