পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: – শীতকালীন চাষের মধ্যে আলু চাষকে ঘিরে বড় আশা থাকলেও চলতি মরশুমে সেই আশাই কার্যত ভেঙে পড়েছে। ফলন ভালো হলেও বাজারদরের অভাবে চরম সংকটে পড়েছেন রাজ্যের আলু চাষিরা। এমনই অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার জোগাড়ডাঙ্গা এলাকার কৃষকদের মুখে।
স্থানীয় চাষিরা জানিয়েছেন, এ বছর আলুর উৎপাদন ভালো হলেও বাজারে দাম না থাকায় তারা চরম ক্ষতির মুখে পড়েছেন। অনেকেই চড়া সুদে ঋণ নিয়ে কিংবা বাড়ির গয়না বন্ধক রেখে চাষ করেছিলেন। কিন্তু বর্তমানে সেই ঋণ শোধ করাই দায় হয়ে দাঁড়িয়েছে।
চাষিদের অভিযোগ, বাইরের রাজ্যে আলু রপ্তানি বন্ধ থাকায় বাজারে দাম পড়ে গেছে। ফলে উৎপাদন খরচও তুলতে পারছেন না তারা। রাজ্য সরকারের তরফে প্রতি কুইন্টাল ৯৫০ টাকা দরে আলু কেনার ঘোষণা করা হলেও তা বাস্তবে কার্যকর হয়নি বলেও দাবি তাঁদের।
এর পাশাপাশি বস্তার দাম বৃদ্ধি এবং কালোবাজারির অভিযোগও তুলেছেন চাষিরা। সব মিলিয়ে আর্থিক চাপ ও মানসিক উদ্বেগে বহু চাষি দিশেহারা হয়ে পড়েছেন।
এদিকে, এই পরিস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও তীব্র চাপানউতোর শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আলু চাষিদের সমস্যা এখন বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। বিরোধী দলগুলি বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও বাস্তবে চাষিদের অবস্থার কতটা পরিবর্তন হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে গোয়ালতোড়ের জোগাড়ডাঙ্গা এলাকার চাষিরা এখন তাকিয়ে রয়েছেন সরকারি সহায়তার দিকে—তাদের এই দুরবস্থা থেকে মুক্তি কবে মিলবে, সেই অপেক্ষাতেই দিন গুনছেন তারা।
ফলন ভালো, দাম নেই—দিশেহারা আলু চাষিরা, দুর্ভিক্ষের আশঙ্কা গোয়ালতোড়ে।












Leave a Reply