পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার পর অবশেষে উন্নয়নের ছোঁয়া পেল গোয়ালতোড়ের শিরোমনিপুর। মাত্র এক মাসের মধ্যেই গ্রামের চেহারায় আমূল পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোয়ালতোড় থানার জোগাড়ডাঙ্গা অঞ্চলের শিরোমনিপুর আদিবাসী অধ্যুষিত এলাকায় এতদিন রাস্তা থাকলেও তা ছিল চলাচলের অযোগ্য। গ্রামে কেউ অসুস্থ হলে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে চরম সমস্যায় পড়তে হতো পরিবারকে। পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, আর অন্ধকারে পথবাতির অভাবে ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো গ্রামবাসীদের।
তবে গত এক মাসে পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে। তৈরি হয়েছে নতুন ঢালাই রাস্তা, বসানো হয়েছে পথবাতি এবং একাধিক জায়গায় পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। ফলে এখন গ্রামবাসীদের দৈনন্দিন জীবন অনেকটাই সহজ হয়েছে।
স্থানীয়দের কথায়, “আগে যেসব সমস্যায় নাজেহাল হতে হতো, এখন সেগুলোর অনেকটাই সমাধান হয়েছে। গ্রামে উন্নয়নের কাজ চোখে পড়ার মতো।”
গ্রামবাসীদের দাবি, এই উন্নয়নের পিছনে বড় ভূমিকা রয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রধানের। রাজ্য সরকারের ‘পথশ্রী’ প্রকল্পের মাধ্যমে রাস্তা নির্মাণ, ‘পাড়ায় সমাধান’ কর্মসূচির মাধ্যমে পথবাতি ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে।
সব মিলিয়ে, একসময়ের অবহেলিত শিরোমনিপুর এখন উন্নয়নের পথে এগিয়ে চলেছে। পরিবর্তনের এই ছবি ঘিরে খুশির আবহ তৈরি হয়েছে গোটা আদিবাসী অধ্যুষিত এলাকায়।
এক মাসেই বদলে গেল শিরোমনিপুর, উন্নয়নে খুশি আদিবাসী গ্রামবাসীরা।












Leave a Reply