পরীক্ষা দিতে গিয়ে দুর্ঘটনা, গড়বেতায় জখম ৪ পরীক্ষার্থী।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পরীক্ষা দিতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় জখম হলেন চার পরীক্ষার্থী। শনিবার সকালে গড়বেতা কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চন্দ্রকোনা টাউন কলেজের চার ছাত্রী অটোতে করে পঞ্চম সেমিস্টারের পরীক্ষা দিতে গড়বেতা কলেজে আসছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ছোট গাড়ির সঙ্গে তাঁদের অটোর ধাক্কা লাগে। দুর্ঘটনায় অটোর চালকসহ চার পরীক্ষার্থী জখম হন। আহতদের মধ্যে রয়েছেন রিতু ঘোষ, পায়েল পাখিরা, রিঙ্কু মণ্ডল এবং শম্পা চোংদার।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গড়বেতা কলেজের অধ্যক্ষ হরিপ্রসাদ সরকার হাসপাতালে গিয়ে চিকিৎসার তদারকি করেন। গুরুতর আহত এক পরীক্ষার্থীকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এদিকে, বাকি পরীক্ষার্থীদের যাতে পরীক্ষা দিতে কোনো অসুবিধা না হয়, সেই কারণে হাসপাতালেই পরীক্ষার বিশেষ ব্যবস্থা করা হয় বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *