দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রচারে আরও গতি আনলেন হরিরামপুর বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র। বুধবার বেলা সোয়া ১২টা নাগাদ তিনি ডিটলহাট কালী মন্দিরে উপস্থিত হয়ে পুজো অর্চনা করেন। ভক্তি ও নিষ্ঠার সঙ্গে দেবীর আরাধনা করার পর মন্দির প্রাঙ্গণে কিছুক্ষণ সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তাও বলেন তিনি।
পুজো পর্ব শেষ হওয়ার পর বিপ্লব মিত্র ডিটলহাট এলাকার ব্যবসায়ী ও দোকানদারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। তাঁদের কাছে গিয়ে তিনি নিজের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং এলাকার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন আশ্বাস তুলে ধরেন। প্রার্থীর উপস্থিতিতে বাজার এলাকাজুড়ে কৌতূহলী মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
এরপর শুরু হয় জমজমাট প্রচার পর্ব। হুড খোলা গাড়িতে চড়ে এবং শতাধিক মোটরবাইক নিয়ে বিশাল র্যালি সহকারে বংশীহারী ব্লকের এলাহাবাদ অঞ্চলের বিভিন্ন গ্রাম ও এলাকায় প্রচার সারেন তিনি। র্যালির সঙ্গে তৃণমূল কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রাস্তাজুড়ে দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
এদিনের প্রচারে বিপ্লব মিত্রের সঙ্গে ছিলেন তাঁর ভাই শাদুর্ল মিত্র সহ একাধিক তৃণমূল নেতা ও কর্মী। পুরো কর্মসূচিকে ঘিরে ডিটলহাট এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশও প্রার্থীর প্রচারে সাড়া দিয়ে তাঁকে স্বাগত জানান। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই যে প্রচারের তীব্রতা বাড়ছে, তা এদিনের কর্মসূচিতে স্পষ্ট হয়ে উঠেছে।
পুজো থেকে র্যালি—হরিরামপুরে প্রচারে গতি বাড়ালেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র।












Leave a Reply