মালদা, নিজস্ব সংবাদদাতা:—- মালদার বৈষ্ণবনগরে বিএসএফ ক্যাম্পের ভিতরে সহকর্মীর গুলিতে মৃত্যু হল দুই জওয়ানের। গুরুতর আহত হয়েছেন আরও এক জওয়ান। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে বৈষ্ণবনগরের ১৭ মাইল এলাকায় অবস্থিত বিএসএফ ক্যাম্পে। আহত জওয়ানকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, মৃত দুই জওয়ান অজয় কুমার সিং (৫১) ও আম্বদর সুরেশ দরগু (৩৭)। তারা ৭১ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের সদস্য ছিলেন। অজয় কুমার সিংয়ের বাড়ি বিহারের ছাপরা জেলার মানঝি এলাকায় এবং আম্বদর সুরেশ দরগুর বাড়ি মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায়। আহত জওয়ান বিকাশ ব্রহ্ম (৪৪)। তিনিও ৭১ নম্বর ব্যাটালিয়নের সদস্য। তাঁর বাড়ি হুগলি জেলার কোলবা থানার মহান্দা গ্রামে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ১১৯ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের এক জওয়ান আচমকা গুলি চালান। সেই গুলিতেই দুই জওয়ানের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আরও এক জওয়ান। তবে কী কারণে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পাশাপাশি বিএসএফের পক্ষ থেকেও ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় বিএসএফ মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মালদায় বিএসএফ শিবিরে গুলিকাণ্ড: নিহত দুই, আহত এক; তদন্তে পুলিশ ও বিএসএফ।












Leave a Reply