জাতীয় পতাকা হাতে পড়ুয়াদের দেখে গাড়ি থামালেন মুখ্যমন্ত্রী, খুদেদের আবদার—‘স্যার, আমাদের স্কুলে আসবেন’।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শহীদ ক্ষুদিরাম বসুর ১১৮তম আত্মবলিদান দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের মোহবনিতে যাওয়ার পথে জাতীয় পতাকা হাতে খুদে পড়ুয়াদের দেখে গাড়ি থামালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাস্তার ধারে জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে থাকা পড়ুয়াদের দেখে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে খুদে পড়ুয়াদের এই সাক্ষাতের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মঙ্গলবার শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে মোহবনিতে যাওয়ার পথে রাস্তার ধারে বেশ কয়েকজন খুদে পড়ুয়াকে দাঁড়িয়ে থাকতে দেখেন মুখ্যমন্ত্রী। তাঁদের হাতে ছিল জাতীয় পতাকা। পড়ুয়াদের দেখে গাড়ি থামিয়ে তাঁদের কাছে এগিয়ে যান তিনি।

এরপর খুদে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হয়ে পড়ে পড়ুয়ারা। তাঁদের মধ্যে থেকেই উঠে আসে একটাই আবদার—“স্যার, আমাদের স্কুলে আসবেন।”

মুখ্যমন্ত্রী ও খুদে পড়ুয়াদের এই আন্তরিক মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই তা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে চর্চা। শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটে মোহবনিতে যাওয়ার পথের এই ছোট্ট সাক্ষাৎ এদিনের কর্মসূচিতে যোগ করেছে অন্য মাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *