কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে পার্কিং চালু, এবার রাস্তায় গাড়ি রাখলেই জরিমানা।

শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা:-শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলার মাঠে পার্কিং ব্যবস্থা চালু হওয়ার পর থেকেই শহরের রাস্তা ও গলিতে অবৈধভাবে গাড়ি পার্কিং বন্ধ করতে সক্রিয় হল ট্রাফিক পুলিশ।মঙ্গলবার ক্ষুদিরাম পল্লী,বিধান রোড ও সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।পার্কিং ব্যবস্থা উদ্বোধনের পরেই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়,শহরের রাস্তায় গাড়ি পার্ক করা যাবে না।কিন্তু নির্দেশিকার পরেও শহরের বিভিন্ন অলিগলি ও রাস্তার ধারে বেশকিছু গাড়ি পার্কিং করতে দেখা যায়।সেই সমস্ত গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছে ট্রাফিক পুলিশ।এদিন পানিট্যাংকি ট্রাফিক গার্ডের আওতায় ক্ষুদিরাম পল্লী ও সংলগ্ন গলিতে অভিযান চালিয়ে একাধিক গাড়ি রিকভারি ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।গাড়ির মালিকদের জরিমানা করা হয়েছে বলে জানা গিয়েছে।এদিকে স্থানীয় ব্যবসায়ীদের একাংশের অভিযোগ,তারা দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা করছেন। অনেক বাড়ি ও বাণিজ্যিক ভবনের নীচে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।কিন্তু তাদের দাবি,অনেক ক্ষেত্রেই প্রোমোটার বা ভবন কর্তৃপক্ষ সেই পার্কিংয়ের জায়গা বিক্রি করে দিয়েছেন।ফলে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের গাড়ি রাখার জন্য পর্যাপ্ত জায়গা থাকছে না।বাধ্য হয়েই রাস্তার ধারে তাদের গাড়ি রাখতে হচ্ছে বলে জানান।এই নিয়ে অভিযানের সময় ব্যবসায়ীদের সঙ্গে ট্রাফিক পুলিশের বচসাও হয়।যদিও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়,রাস্তা দখল করে গাড়ি রাখার ফলে যান চলাচলে সমস্যা তৈরি হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *