মাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়িতে ট্যাঙ্কারের ধাক্কা, মৃত ১, আহত অন্তত ১৬।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ থানার মাদপুর এলাকায় বৃহস্পতিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাদপুর ট্রাফিক মোড়ে দুটি মারুতি গাড়ি ঘুরছিল। সেই সময় খড়গপুরের দিক থেকে পাঁশকুড়ার দিকে যাওয়ার পথে দ্রুতগতিতে আসা একটি তেলবাহী ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়িকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে দুটি গাড়িই রাস্তার দু’দিকে ছিটকে পড়ে। দুর্ঘটনায় অন্তত ১৬ জন আহত হন। তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক মহিলাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে এখনও পর্যন্ত মৃত মহিলার নাম ও পরিচয় জানা যায়নি। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *