দামি সামগ্রী কম দামে পাওয়ার আশায় বুকিং, ডেলিভারির আগেই বন্ধ দোকান—গাজোলে মাথায় হাত বহু গ্রাহকের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- দামি দামি আসবাবপত্র সহ ইলেক্ট্রনিক্স সামগ্রী সস্তা দামে পাওয়ার প্রলোভনে পড়ে অভিনব প্রতারণার শিকার হলেন বহু মানুষ। ভাড়ায় নেওয়া অর্ডার সাপ্পায়ার্স দোকানের ঝাঁপ বন্ধ দেখে মাথায় হাত পড়ল প্রতারিতদের। তাই প্রতারণার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন হাজার হাজার টাকা দিয়ে অর্ডার বুক করা কয়েকশো মানুষ। তাদের সকলের ক্ষোভ আছড়ে পড়ল অর্ডার সাপ্লায়ার্সের ঝাঁপ বন্ধ দোকানে। ক্ষোভে দোকানের সাটার ভাঙার চেষ্টা করলেন উত্তেজিত জনতা। বুধবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল মালদার গাজোলের তুলসীডাঙা এলাকায়। ক্ষুব্ধ মানুষজনের অভিযোগ, তুলসীডাঙার কোড়া গ্রামের কাছে ১২নং জাতীয় সড়কের ধারে মাস খানেক আগে এক অর্ডার সাপ্লায়ার্স দোকান ‘চালু হয়। ভাড়ায় নেওয়া সেই দোকানে বাজার দরের চেয়ে অনেকটাই সস্তায় বিভিন্ন আসবাবপত্র সহ ইলেক্ট্রনিক্স সামগ্রী বিক্রি করা হচ্ছিল। তবে বিক্রির পদ্ধতি ছিল অন্যরকম। জিনিসপত্র দেখে পছন্দ করে অগ্রিম টাকা দিয়ে সেই জিনিস বুক করতে হত।এরপর ১০-১২ দিনের মাথায় তা গ্রাহকদের ডেলিভারি দেওয়া হত। সেই মতো সস্তায় জিনিস পাওয়ার প্রলোভনে পড়ে বহু মানুষ হাজার হাজার টাকা দিয়ে তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আসবাবপত্র ও ইলেক্ট্রনিক্স সামগ্রী বুক করেন বলে খবর। কিন্তু অর্ডার ডেলিভারি দেওয়ার আগে বুধবার সকালে হঠাৎ করেই দোকানের ঝাঁপ বন্ধ দেখে গ্রাহকদের মাথায় হাত পড়ে যায়। তারা প্রলোভনে পড়ে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ক্ষোভে ফেটে পড়েন। অনেকে আবার কান্নায় ভেঙে পড়েন। তাই ক্ষুব্ধ মানুষজনের ক্ষোভ গিয়ে আছড়ে পড়ে ঝাঁপ বন্ধ দোকানে। তারা ক্ষোভের জেরে দোকানের সাটার ভাঙার চেষ্টা করেন। যদিও গাজোল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *