চৌরাস্তা মোড়ে সম্প্রীতির রাখি, পথচলতি মানুষের হাতে রাখি পরালেন বিভিন্ন মহল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড শহরের চৌরাস্তা মোড়ে পালিত হল রাখি বন্ধন উৎসব। শুক্রবার ব্লক যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং ব্লক প্রশাসনের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতা-৩ ব্লকের BDO দীপাঞ্জন ভট্টাচার্য-সহ ব্লক প্রশাসনের একাধিক আধিকারিক এবং স্থানীয় বিশিষ্ট সমাজসেবীরা। পথ চলতি সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয়।
অন্যদিকে, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও চন্দ্রকোনারোড শহরে পথ চলতি সাধারণ মানুষকে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। পাশাপাশি চন্দ্রকোনারোড ডাবচা ব্যবসায়ী সমিতির উদ্যোগেও শহরের ছোট-বড় দোকানদার এবং পথ চলতি সাধারণ মানুষকে রাখি পরিয়ে উৎসব পালন করা হয়।
একই দিনে প্রশাসন, রাজনৈতিক দল এবং ব্যবসায়ী সংগঠনের পৃথক উদ্যোগে রাখি বন্ধন উৎসব ঘিরে চন্দ্রকোনারোড শহরে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের আবহ তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *