মালদা, নিজস্ব সংবাদদাতা:– পথ দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি পালন করল মালদার বামনগোলা থানার পুলিশ। মঙ্গলবার বামনগোলা থানার উদ্যোগে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন বামনগোলা থানার পাকুয়াহাট পুলিশ ফাঁড়ি থেকে সচেতনতামূলক ব্যানার হাতে একটি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি গোটা পাকুয়া এলাকা পরিক্রমা করে রবীন্দ্র মোড়ে পৌঁছয়। সেখানে পথচলতি মানুষ থেকে শুরু করে মোটরবাইক চালকদের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। পাশাপাশি, পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদে যানবাহন চালানোর বার্তা দেওয়া হয়।
এদিন হেলমেট ছাড়া মোটরবাইক চালকদের সতর্ক করার পাশাপাশি বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতন করেন পুলিশকর্মীরা। পথ দুর্ঘটনা কমানো এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপদে যাতায়াতের অভ্যাস গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানা গিয়েছে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনগোলা থানার আইসি অমিত মাশান্তা, পাকুয়াহাট পুলিশ ফাঁড়ির ওসি শুভেন্দু বিকাশ পতি-সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং সিভিক ভলান্টিয়াররা।












Leave a Reply