“ভালোভাবে চলচ্চিত্র উৎসব আয়োজন করতে হবে”, নন্দন বিতর্কে মন্তব্য দিলীপ ঘোষের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে চা-চক্রে দিলীপ ঘোষ! একাধিক ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য রাজনীতি থেকে ধর্মান্তকরণ, চলচ্চিত্র উৎসব, বাবরি মসজিদ বিতর্ক—বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী দিলীপ ঘোষ।
একদিকে আজ কলকাতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের কর্মসূচি। ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানকে সামনে রেখে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে যোগ দেন তিনি। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, দেশজুড়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। সাধারণ মানুষকে সচেতন করতেই বিজেপির এই কর্মসূচি। অন্যদিকে, কলকাতার নন্দনে চলচ্চিত্র উৎসবের আগে সরানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের ফলক। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, পরিবর্তন যখন হয়েছে, তখন সবকিছুরই পরিবর্তন হওয়া উচিত। চলচ্চিত্র উৎসব প্রসঙ্গে তাঁর বক্তব্য, ভালোভাবে উৎসব আয়োজন করতে হবে এবং পরিচালনার দায়িত্বে যোগ্য ব্যক্তিদের নিয়ে আসা উচিত। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য এবং পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ ও এফআইআর প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। অতীতের বিরোধী রাজনীতির অভিজ্ঞতা তুলে ধরে তৃণমূলকে কটাক্ষ করেন দিলীপ। এই দিকে মালদহে ধর্মান্তকরণের চেষ্টা রুখে দেওয়ার দাবি ঘিরেও সরব হন তিনি। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের গ্রামেগঞ্জে এখনও নানা প্রলোভন দেখিয়ে ধর্মান্তকরণের চেষ্টা চলছে। এই প্রবণতা বন্ধে সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি। বাবরি মসজিদ প্রতিষ্ঠার দিন জাতীয় সড়ক অবরোধের হুমকি প্রসঙ্গে দিলীপের কড়া বার্তা, কয়েকজন রাস্তায় বসে পড়লেই প্রতিবাদ হয় না। এমন কিছু করলে তার ফল ভুগতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
চেতলায় ববি হাকিমের কার্যালয়ের দখল নিয়ে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব প্রসঙ্গে অবশ্য বেশি মাথা ঘামাতে চাননি তিনি। শোভন-বৈশাখীর মেয়ের জন্মদিনে তৃণমূলের দুই শিবিরের নেতাদের এক ফ্রেমে দেখা যাওয়া নিয়েও রাজনীতি খোঁজা উচিত নয় বলে মন্তব্য করেন।
সবশেষে থানায় থানায় কালীপুজোর আয়োজন প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, শক্তির আরাধনা করা উচিত। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও কটাক্ষ করেন তিনি।
সব মিলিয়ে সকাল সকাল খড়্গপুরের চা-চক্র থেকেই একাধিক রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে একের পর এক মন্তব্য করলেন দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *