প্রথম থেকে দশম শ্রেণি—৬৭৪ পড়ুয়ার অংশগ্রহণে নালাগোলায় বেঙ্গল ট্যালেন্ট সার্চ পরীক্ষা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—-বর্তমান ডিজিটাল যুগে পড়ুয়াদের মধ্যে মোবাইল ফোনের প্রতি আসক্তি ক্রমশ বাড়ছে। এই প্রবণতা কমিয়ে ছাত্রছাত্রীদের বইপড়ার অভ্যাস গড়ে তোলা, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং মেধার বিকাশ ঘটানোর লক্ষ্যে নালাগোলা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বেঙ্গল ট্যালেন্ট সার্চ পরীক্ষা। কে কে এডুকেশনাল সোসাইটির উদ্যোগে এবং উত্তরবঙ্গের প্রকাশনী সংস্থা শোভা প্রকাশনীর সহযোগিতায় রবিবার এই পরীক্ষার আয়োজন করা হয়। প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৬৭৪ জন পড়ুয়া পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা পরিচালনা ও তদারকির জন্য উপস্থিত ছিলেন কে কে এডুকেশনাল সোসাইটির কেন্দ্রীয় সম্পাদক, শিশু চিন্তক এবং ভারতরত্ন গৌরব পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিত্ব দেবাশীষ দেবশর্মা। নালাগোলা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা আয়োজনের দায়িত্বে ছিলেন শিক্ষক এস এন চৌধুরী ও বিধানবাবু।

আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষায় ৭১ থেকে ১০০ নম্বর প্রাপ্ত কৃতী পড়ুয়াদের নালাগোলা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে। ওই অনুষ্ঠানে ব্লক ও জেলার বিশিষ্ট শিক্ষাবিদদের পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে।

উল্লেখ্য, গত প্রায় ২০ বছর ধরে কে কে এডুকেশনাল সোসাইটির উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই প্রতিভা অন্বেষণ পরীক্ষার আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের লক্ষাধিক ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। নালাগোলায় এই পরীক্ষা ঘিরেও পড়ুয়াদের পাশাপাশি অভিভাবক-অভিভাবিকাদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সংস্থার কেন্দ্রীয় সম্পাদক দেবাশীষ দেবশর্মা জানান, বর্তমান সময়ে পড়ুয়াদের মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি কমিয়ে তাদের বইমুখী করে তোলা এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোই এই উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য। পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা খুঁজে বের করে তাদের যথাযথভাবে উৎসাহিত করাও এই পরীক্ষার অন্যতম লক্ষ্য। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য নালাগোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মালদহের পুলিশ সুপার এবং জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *