মালদা, নিজস্ব সংবাদদাতা:— কালীপুজোর মণ্ডপ পরিদর্শনে এসে হবিবপুরবাসীকে বড় সুখবর দিলেন মন্ত্রী!আগামী বছরই হবিবপুরে গড়ে উঠবে ডিগ্রি কলেজ! আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী গৌরীশংকর ঘোষ
মালদার হবিবপুর ব্লকে আগামী বছর গড়ে উঠতে পারে ডিগ্রি কলেজ। শুক্রবার হবিবপুর ব্লকের বিভিন্ন কালীপুজো মণ্ডপ পরিদর্শনে এসে এমনই আশ্বাস দিলেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী গৌরীশংকর ঘোষ।
এদিন তিনি বুলবুলচণ্ডী বাজার, আইহো এবং মানিকোড়ার কালীপুজো মণ্ডপ পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন হবিবপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু, বিশিষ্ট সমাজসেবী প্রতাপ সিং এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
দুই মন্ত্রী প্রতিটি পুজো মণ্ডপে ঘুরে দেখেন দর্শনার্থীদের নিরাপত্তা ব্যবস্থা ও পুজোর প্রস্তুতি। পাশাপাশি পুজো উদ্যোক্তাদের সঙ্গেও কথা বলেন তাঁরা।
পরিদর্শন চলাকালীন হবিবপুরবাসীর পক্ষ থেকে এলাকায় একটি ডিগ্রি কলেজ গড়ে তোলার দাবি জানানো হয়। সেই দাবির পরিপ্রেক্ষিতে আগামী বছর কলেজের অনুমোদনের আশ্বাস দেন মন্ত্রী গৌরীশংকর ঘোষ।
এবার কি সত্যিই উচ্চশিক্ষার নতুন দিশা পেতে চলেছে হবিবপুর? সেই আশাতেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা।