মালদা, নিজস্ব সংবাদদাতা :—- পুজোর আবহে মোথাবাড়িতে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আগমনকে ঘিরে রাজনৈতিক মহলে দেখা গেল বাড়তি তৎপরতা। রবিবার সকালে মন্ত্রীর আগমন উপলক্ষে মোথাবাড়ি চৌরঙ্গী মোড়ে বিজেপি নেতৃত্ব ও কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ফুলের তোড়া ও শুভেচ্ছার মাধ্যমে মন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় বিজেপি নেতৃত্ব।
জানা গিয়েছে, রবিবার কালিয়াচকের অমৃতি-ভায়া মোথাবাড়ি রোড হয়ে কনভয় নিয়ে মানিকচক বিধানসভার মথুরাপুরে কালীপুজোর শুভ উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। সেই খবর ছড়িয়ে পড়তেই মোথাবাড়ি বিধানসভার বিজেপি নেতৃত্ব ও কর্মীরা মোথাবাড়ি চৌরঙ্গী মোড়ে জমায়েত হন। মন্ত্রীর কনভয় চৌরঙ্গী মোড়ে পৌঁছতেই তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান তাঁরা।
এদিন মোথাবাড়ি চৌরঙ্গী মোড়ের শ্যামা কালীপুজো মণ্ডপের ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। পুজোর উদ্বোধন করে তিনি বলেন, সমস্ত সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলেমিশে সুন্দরভাবে কালীপুজোর আয়োজন করেছেন। এই সম্প্রীতির পরিবেশ বজায় রাখার পাশাপাশি সকলকে কালীপুজোর আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোথাবাড়ি বিধানসভার কনভেনার নন্দন কুমার ঘোষ, বিভিন্ন মণ্ডলের সভাপতি-সহ বিজেপির একাধিক নেতৃত্ব ও কর্মীরা।
অন্যদিকে, মন্ত্রীকে সংবর্ধনা জানাতে এগিয়ে আসেন গ্রাম পঞ্চায়েতের VBDC প্রকল্পের VCT কর্মীরাও। তাঁদের দাবি, নতুন সরকার তাঁদের বেতন বৃদ্ধি করেছে। সেই কারণে মন্ত্রীকে সামনে পেয়ে সংবর্ধনা জানানোর পাশাপাশি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তাঁরা।
সব মিলিয়ে পঞ্চায়েত মন্ত্রীর আগমন, বিজেপি নেতৃত্বের সংবর্ধনা এবং শ্যামা কালীপুজোর উদ্বোধনকে কেন্দ্র করে রবিবার মোথাবাড়ি চৌরঙ্গী মোড়ে তৈরি হয় উৎসবের পাশাপাশি রাজনৈতিক আবহ।