শুট আউটের ব্লুপ্রিন্ট! তৃণমূলের দাপুটে নেতাকে হত্যার চক্রান্তে বিহারের কুখ্যাত অপরাধীরা?

নিজস্ব সংবাদদাতা, *মালদা;* ফের মালদায় টার্গেট তৃণমূল নেতা। দাপুটে জেলা পরিষদ সদস্যকে শুট আউটের ব্লু প্রিন্ট? খুনের জন্য চক্রান্ত। চক্রান্তে শামিল বিহারের দাগি অপরাধীরা। শার্প শুটার পাঠিয়ে বাড়ির সামনে রেকি। সূত্র মারফত সেই চক্রান্তের খবর পেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের তৃণমূল নেতার। আতঙ্কে পরিবার। নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্ব অভিযোগ বিরোধীদের। দ্বন্দ্ব মানতে নারাজ তৃণমূল। অভিযোগ সামনে আসতেই শোরগোল রাজনৈতিক মহলে। মালদার হরিশ্চন্দ্রপুরের দাপটে তৃণমূল নেতা বুলবুল খান। জেলা পরিষদের সদস্য রয়েছেন তিনি। এলাকায় অত্যন্ত প্রভাবশালী। বুলবুলের অভিযোগ তাকে খুনের জন্য বিহারের কিছু মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল চক্রান্ত করছে। ভাড়া করা হয়েছে শার্প শুটার।সুলতাননগরে বাড়ির সামনে পাঠানো হয়েছে রেকি করতে। কিছু সূত্রের মাধ্যমে তিনি সেটা জানতে পেরেছেন । তারপরে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। ইমেইল মারফত জানিয়েছেন মালদার পুলিশ সুপারকে। কিন্তু প্রশ্ন উঠেছে যদি অভিযোগ সত্যি হয়। তবে দাপুটে এই নেতাকে কারা খুনের চক্রান্ত করছে। কেনই বা চক্রান্ত করছে। এই নিয়ে ক্যামেরার সামনে স্পষ্ট বলতে চাননি ওই নেতা। তবে এর পেছনে দলের একাংশের যোগের কথা তিনি সম্পূর্ণ উড়িয়ে দেন নি। চলতি বছরের শুরুতেই মালদা শহরে খুন হয়ে ছিলেন তৃণমূলের কাউন্সিলর দুলাল সরকার। সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছে ইংরেজবাজার শহর তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। আবার সম্প্রতি মানিকচকে তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য। হরিশ্চন্দ্রপুরেও মন্ত্রী তাজমুলের সঙ্গে ইদানিংকালে বারবার বুলবুল খানের সংঘাত প্রকাশ্যে এসেছে। এই ঘটনাগুলোকে হাতিয়ার করেই বিরোধীদের অভিযোগ এটা টিকিট নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব। যেখানে তৃণমূল নেতারা নিজেরাই নিরাপদ না। সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা তারা কি ভাবে দেবে প্রশ্ন তুলেছে বিরোধীরা। যদিও দ্বন্দ্বের বিষয় মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি বিজেপি শাসিত বিহার থেকে পাঠানো হচ্ছে জেলা কে অশান্ত করার জন্য। যদিও এই চক্রান্ত নিয়ে ভয় পেতে নারাজ বুলবুল। পুলিশের উপর এখনো তিনি ভরসা রাখছেন। তবে পরিবার আতঙ্কে রয়েছে সেই কথাও জানিয়েছেন।সমগ্র ঘটনা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানোতর। তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *