আর্থিক অনটন ভুলে নতুন জীবন শুরু, মালদায় ২২ দম্পতির গণবিবাহ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদহের ইংরেজবাজার শহর রবিবার পরিণত হয়েছিল উৎসবমুখর পরিবেশে। তবে এই উৎসবের মূল কেন্দ্রবিন্দু কোনো পূজো নয়, বরং মানবিকতার ছোঁয়ায় জীবন গাঁথার এক অনন্য উদ্যোগ। মহেশ্বরী মহিলা সংগঠনের উদ্যোগে বালুচর এলাকার মহেশ্বরী ভবনে অনুষ্ঠিত হলো গণবিবাহ অনুষ্ঠান, যেখানে ২২ জন যুবক-যুবতী বৈবাহিক জীবনে আবদ্ধ হলেন।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে অংশ নেন এই যুব-যুবতীরা। অনেকেরই বিয়ে ঠিক থাকলেও পরিবারের আর্থিক সংকটের কারণে বিবাহ অনুষ্ঠিত হচ্ছিল না। সেইসব পরিবারের পাশে দাঁড়িয়ে যুবক-যুবতীদের নতুন সংসার শুরু করতে সহায়তা করল মহেশ্বরী মহিলা সংগঠন।

গণবিবাহের পর নতুন দম্পতিদের হাতে তুলে দেওয়া হয় নতুন আলমারি, খাট, সোনা-চাঁদির বিভিন্ন সামগ্রী, নতুন পোশাক সহ ঘর সাজানোর প্রয়োজনীয় উপহার। আমন্ত্রিত অতিথিদের জন্য ছিল নানাবিধ খাবারের আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার জেলাশাসক প্রীতি গোয়েল, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীসহ সংগঠনের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *