মালদা, নিজস্ব সংবাদদাতা:- গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারিয়ে আজ নাগরিকত্ব হারানোর দুঃস্বপ্নে দিন কাটছে মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বাঙ্গি টোলা অঞ্চলের প্রায় দুই হাজার মানুষের। এসআইআর (Special Summary Revision) ঘোষণার পর ২০০২ সালের ভোটার তালিকা হাতে পেতেই চক্ষু চড়কগাছ গ্রামবাসীদের—কারও নামই নেই ওই তালিকায়, অথচ সকলের কাছেই রয়েছে ভোটার কার্ড! পঞ্চায়েত থেকে বিধানসভা, লোকসভা—সব নির্বাচনে নিয়মিত ভোটও দিয়েছেন তাঁরা।
এই তথ্য সামনে আসতেই গোটা গ্রামজুড়ে ছড়িয়েছে চরম আতঙ্ক। ভোটার তালিকায় নাম না থাকলে ভবিষ্যতে নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার মুখে পড়তে হবে—এমন আশঙ্কায় উদ্বেগ বৃদ্ধি পেয়েছে গ্রামবাসীদের মধ্যে।
এবার তাঁদের পাশে দাঁড়িয়েছে গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটি। ইতিমধ্যেই সমস্যার সমাধানে নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন জানিয়েছে সংস্থাটি।
কীভাবে তৈরি হলো এই জটিলতা?
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৮ থেকে ২০০২ সালের মধ্যে ভয়াবহ গঙ্গা ভাঙনে মানিকচক বিধানসভার কেবি ঝাউবোনা অঞ্চলের ১১টি বুথ সম্পূর্ণভাবে গঙ্গার জলে তলিয়ে যায়। যাদের বাড়িঘর-জমি ডুবে যায়, তাঁরা বাধ্য হয়ে মোথাবাড়ির বাঙ্গি টোলা অঞ্চলে স্থানান্তরিত হন।
ভাঙন-পীড়িত সেই মানুষদের মধ্যেই আজ প্রায় দুই হাজার ভোটার 2002 সালের লিস্টে নাম না থাকায় চরম সমস্যায় পড়েছেন।
গ্রামের বাসিন্দাদের প্রশ্ন—“ভোটার কার্ড আছে, সব নির্বাচনে ভোট দিয়েছি, তাহলে হঠাৎ করে নাম উধাও হলো কীভাবে?”
অর্থনৈতিক ক্ষতির পর এবার তাঁদের মাথায় নতুন দুঃশ্চিন্তা—নাগরিকত্ব সংকট।












Leave a Reply