বীরভূমের খুষ্টিগিরীতে হজরত বজলে রহমান কেরমানী (রহঃ)-এর পঞ্চম ঊরস মোবারক পালিত।

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:— পশ্চিমবঙ্গের বীরভূম জেলার খুষ্টিগিরী দরগাহ শরীফে পবিত্র পরিবেশে পালিত হল হজরত সৈয়দ শাহ মোঃ বজলে রহমান কেরমানী (রহঃ)-এর পঞ্চম বাৎসরিক ঊরস মোবারক। এদিন খুষ্টিগিরীর খানকাহে কেরমানীয়ায় অজস্র মুরিদ-ভক্তের সমাগমে অনুষ্ঠানটি হয়ে ওঠে ভক্তিমূলক ও ভাবগম্ভীর।
উল্লেখ্য, হজরত বজলে রহমান কেরমানী (রহঃ) ছিলেন খুষ্টিগিরী দরগাহ শরীফের প্রতিষ্ঠাতা পীর হজরত সাঈয়েদেনা শাহ আব্দুল্লাহ কেরমানী (রহঃ)-এর ১৪তম বংশধর এবং তাঁর স্থলাভিষিক্ত মোতাওয়াল্লী ও সাজ্জাদানেশীন। তিনি একাধারে একজন প্রখ্যাত পীর, সাহিত্যিক, সমাজসেবক ও দার্শনিক হিসেবে সুপরিচিত ছিলেন।
এই ঊরস উপলক্ষে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও Kolkata সহ বিভিন্ন জেলা এবং ঝাড়খণ্ডের দেওঘর, দুমকা ও জামতাড়া থেকে বহু ভক্ত উপস্থিত হন।
সকালে সমবেত কলমা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ভক্তরা হজরতের মাজার শরীফে চাদর চড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বাদ আসরের পর অনুষ্ঠিত ধর্মীয় আলোচনাসভায় মুরিদরা তাঁদের অভিজ্ঞতা ও প্রাপ্ত জ্ঞান ভাগ করে নেন।
বাদ মাগরিব শুরু হওয়া মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরামগণ হজরতের জীবনাদর্শ ও শিক্ষার উপর আলোকপাত করেন। পাশাপাশি উর্দু ও বাংলা নাত-গজলে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।
অনুষ্ঠানের শেষ পর্বে খুষ্টিগিরী দরগাহ শরীফের বর্তমান মোতাওয়াল্লী ও সাজ্জাদানেশীন হজরত সৈয়দ শাহ মোঃ হাফিজুর রহমান কেরমানী সাহেব বক্তব্য রাখেন এবং বিশ্বশান্তি ও মানবকল্যাণের উদ্দেশ্যে দোয়া প্রার্থনা করেন।
দরগাহ শরীফের পক্ষ থেকে সকল ভক্তদের মধ্যে শিরনি বিতরণ ও রাত্রিভোজের আয়োজন করা হয়। এরপর সারারাত ধরে চলে কাওয়ালি পরিবেশন।
সব মিলিয়ে, শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক আবহে এই ঊরস মোবারক সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *