পারিবারিক অশান্তি থেকে খুন, মালদার গ্রামে উত্তেজনা।।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদার মোথাবাড়ি থানা এলাকায় ঘটল চাঞ্চল্যকর মর্মান্তিক ঘটনা! বৌদির ধারালো অস্ত্রের আঘাতে বেঘোরে প্রাণ হারালেন দেওর। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হল মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ অঞ্চলের দেবীপুর গ্রামে। জানা গেছে, ধারালো অস্ত্রের আঘাতে মৃত যুবকের নাম সম্রাট মন্ডল। তার বিয়ে হয়েছিল মাত্র এক বছর আগে। বাড়িতে রয়েছে স্ত্রী সহ বৃদ্ধা মা। তারা সহ গ্রামবাসীদের মুখ থেকে জানা যায়, অভিযুক্ত বৌদি পূজা মন্ডল দীর্ঘদিন ধরেই বাড়িতে পারিবারিক ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া অশান্তি করত। তবে এই অশান্তি গত ২৩শে এপ্রিল ভোটগ্রহণের দিন চরম আকার ধারণ করে। বাড়িতে নোংরা রাখার বালতি রাখা নিয়ে পূজা মন্ডল প্রথমে তার বৃদ্ধা শাশুড়িকে মারধর করে বলে অভিযোগ। যা দেখে ছোটো ছেলে সম্রাট মন্ডল প্রতিবাদ করেন। আর এই প্রতিবাদের কারণেই বৌদি পূজা মন্ডল ধারালো অস্ত্র দিয়ে দেওর সম্রাট মন্ডলকে এলোপাথাড়ি কোপ মারে বলে অভিযোগ। যার জেরে সম্রাট গুরুতর জখম ও রক্তাক্ত হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভরতি করা হয়। এতদিন হাসপাতালে ভরতি থাকার পর মঙ্গলবার সাত সকালে তার মৃত্যু হয়। যাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিবারবর্গ সহ গ্রামবাসীরা পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভদেখান। এবং ঘটনায় জড়িত মহিলার কঠোর শাস্তির দাবী জানান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘এনে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *