আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মুজনাই নদীর উপর ভেঙে যায় অস্থায়ী বাঁশের সাঁকো। শনিবার ওই এলাকায় পৌঁছান আলিপুরদুয়ার জেলার জেলা শাসক ও পুলিশ সুপার। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন ফালাকাটা ব্লকের বিডিও-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এদিন প্রশাসনের আধিকারিকরা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েত ও জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী মুজনাই নদীর উপর তৈরি অস্থায়ী বাঁশের সাঁকোটি প্রবল বৃষ্টির জেরে নদীর জলের তোড়ে ভেসে যায়। এর ফলে জটেশ্বর ও পাঁচমাইল এলাকার মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ। এর আগেই চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুজনাই নদীর উপর থাকা গুরুত্বপূর্ণ ‘বঙ্কিম ঘাট’ সেতুটি ভেঙে পড়ে। এরপর সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য প্রশাসনের তরফে অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করা হলেও বৃষ্টিতে সেটিও ভেসে যায়। শনিবার জেলা শাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শনে এসে পরিস্থিতির খোঁজখবর নেন। স্থানীয় বাসিন্দারা তাঁদের কাছে দ্রুত বিকল্প যাতায়াতের ব্যবস্থা ও স্থায়ী সেতু নির্মাণের দাবি জানান।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা শাসক ও পুলিশ সুপার।












Leave a Reply