নিয়ন্ত্রণহীন লরির ধাক্কায় ভাঙল প্রাচীর, ক্ষতিগ্রস্ত দুই বাড়ি, উত্তেজনা এলাকায়।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– নিয়ন্ত্রণহীন লরি ইলেক্ট্রিক পোল এবং ছোটো গাড়িতে ধাক্কা মেরে ঢুকে পড়ল রাস্তার ধারের এক বাড়িতে। ঘটনায় অল্পের জন্য বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন এলাকার সাধারণ মানুষ। তবে লরির ধাক্কায় প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হল পরপর দুটি বাড়ি। সোমবার বিকাল চারটা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়া এলাকায়। জানা গেছে, এদিন একটি ১২ চাকার মাল বোঝাই লরি বুলবুলচন্ডীর দিক থেকে মালদার দিকে যাচ্ছিল। কিন্তু লরিটি মধ্যম কেন্দুয়ার কাছে আসতেই লরি চালক হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে তিনি নিয়ন্ত্রণহীন লরি নিয়ে প্রথমে একটি ইলেক্ট্রিক পোল এবং একটি ছোটো গাড়িতে ধাক্কা মারেন। তবে এখানেই শেষ নয়। এরপর লরিটি, একটি বাড়ির প্রাচীর ভেঙে, অপর একটি বাড়িতে হুড়হুড়িয়ে ঢুকে পড়ে। ফলে দুটি বাড়িই প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরে খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *