ট্রাফিক নিয়ম না মানায় বিপাকে হোমগার্ড, বিক্ষোভের জেরে জরিমানা।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা: সাধারণ মানুষের ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দায়িত্বে থাকা এক হোমগার্ড নিজেই ট্রাফিক নিয়ম ভঙ্গ করে বিপাকে পড়লেন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বেলাকোবার কলেজ পাড়া এলাকায়। স্থানীয়দের বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত ওই হোমগার্ডের বাইকের বিরুদ্ধেই জরিমানা করতে বাধ্য হয় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি হেলমেট না পরার অভিযোগে বিবেকানন্দ কলোনির এক বাসিন্দার বিরুদ্ধে জরিমানা করেছিলেন ওই হোমগার্ড। পরদিন একই হোমগার্ডকে কলেজ পাড়া এলাকায় মোটরবাইক চালিয়ে যেতে দেখে সন্দেহ হয় কয়েকজন বাসিন্দার। এরপর সরকারি অ্যাপের মাধ্যমে বাইকের নম্বর যাচাই করতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য।

অভিযোগ, বাইকটির ট্যাক্স, বিমা-সহ একাধিক প্রয়োজনীয় নথির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা তাঁর পথ আটকে বিক্ষোভ দেখান এবং আইন সবার জন্য সমান হওয়ার দাবি তোলেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। পরে সমস্ত নথি খতিয়ে দেখে ট্রাফিক আইন অনুযায়ী ওই হোমগার্ডের বাইকের বিরুদ্ধেই চালান কাটা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত— এমন মতই উঠে এসেছে স্থানীয়দের একাংশের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *