নিজস্ব সংবাদদাতা, গড়বেতা :- দিনের পর দিন চরম অনিয়মিত হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা দেরিতে চলায় রেলযাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিতৃষ্ণা ছড়িয়ে পড়েছে। দক্ষিণ-পূর্ব রেলের এই গুরুত্বপূর্ণ ট্রেনটির এমন বেহাল দশায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ চাকুরিজীবী থেকে শুরু করে রোগী ও ব্যবসায়ীরা।
আজকে গড়বেতা স্টেশনে হাওড়া আদ্রা রানী শিরোমণি এক্সপ্রেসকে আটকে দিয়ে পুরুলিয়া এক্সপ্রেস পার করা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ক্ষুব্ধ এক নিত্যযাত্রী অনু চংদারের কথায়, “আমরা ট্রেনে চড়ছি না পার্কে বেড়াতে এসেছি, তা বুঝতেই পারছি না। এই রুটে এমনিতেই ট্রেন কম, তার ওপর যেগুলো চলে, সেগুলির সময়ের কোনও ঠিকঠিকানা নেই।” যাত্রীদের অভিযোগ, ভোটের আগে অনেক বিধায়ক ও সাংসদ রেলের পরিষেবা নিয়ে বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ভোট মিটতেই সেইসব প্রতিশ্রুতি কর্পূরের মতো উড়ে গিয়েছে।
ভুক্তভোগী সাধারণ মানুষের দাবি, নতুন ট্রেন না দেওয়া হলেও, বর্তমানে যেগুলি চলছে সেগুলি অন্তত ঠিক সময়ে চালানো হোক। রেল প্রশাসনের এই উদাসীনতার বিরুদ্ধে আগামী দিনে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ অনেক যাত্রীই।












Leave a Reply