ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা : – খাদ্যের সন্ধানে এবার সরকারি ন্যায্য মূল্যের রেশন দোকানেই হামলা চালাল বুনো হাতির দল। শাটার ভেঙে দোকানে ঢুকে মজুত থাকা চাল ও গম সাবাড় করে তারা। এই ঘটনায় তাসাটি চা বাগান দুর্গাবাড়ি এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, রবিবার গভীর রাতে দলগাঁও জঙ্গল থেকে তিনটি বুনো হাতি বেরিয়ে ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগান দুর্গাবাড়ি এলাকায় ঢুকে পড়ে। এরপর একটি সরকারি ন্যায্য মূল্যের রেশন দোকানের শাটার ভেঙে ভিতরে প্রবেশ করে মজুত থাকা চাল ও গম খেতে শুরু করে। শুধু তাই নয়, কয়েকটি বস্তা টেনে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যায় হাতিগুলি। প্রায় এক ঘণ্টা ধরে এলাকায় তাণ্ডব চালানোর পর হাতির দলটি পুনরায় জঙ্গলের দিকে ফিরে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান দলগাঁও রেঞ্জের বনকর্মীরা।ঘনঘন হাতির লোকালয়ে প্রবেশের ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বন দপ্তরের কাছে দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার মানুষ।
খাদ্যের সন্ধানে লোকালয়ে হাতি, ফালাকাটায় সরকারি রেশন দোকানে তাণ্ডব।












Leave a Reply