পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা ভোটের পর অর্থাৎ প্রায় আড়াই মাস পর পশ্চিম মেদিনীপুর জেলায় এলেন মেদিনীপুরের সংসদ জুন মালিয়া। জেলার উন্নয়ন নিয়ে দিশা ( DISHA )কমিটির মিটিংয়ে তিনি যোগ দিয়েছিলেন। জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার জেলা কালেক্টর এর চত্বরের এস এইচ জি বিল্ডিং এ দিশা কমিটির মিটিং হয়। জেলার উন্নয়নমূলক কাজ নিয়ে মিটিংয়ে আলোচনা হয়। জেলার বিভিন্ন এলাকার বিধায়করা,সাংসদ, জেলা শাসক,পুলিশ সুপার প্রমূখ এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে জুন মালিয়া কোন রাজনৈতিক প্রশ্নের উত্তর দেবে না বলে জানালেন। জুন মালিয়া বললেন আড়াই মাস পরে এখানে এলেও এখানকার কাজকর্ম বা বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে জেলাশাসক পুলিশ সুপার এবং অন্যান্য বিধায়কদের সঙ্গে তার নিয়মিত ফোনে কথা হয়। জুন মালিয়ার সই করা কোন শংসাপত্র কারো লাগলে তারও তিনি ব্যবস্থা করে দেন বলে জানালেন। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের সময় তিনি বিভিন্ন বিধানসভার তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে এসেছিলেন। রাজ্যে পালাবদলের পর তাকে আর এই জেলায় দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে তিনি মমতা ব্যানার্জি ও তৃণমূলের সঙ্গ ত্যাগ করে কয়েকজন তৃণমূল সাংসদের সঙ্গে এনসিপিআই নামে একটি দলে যোগ দিয়েছেন। এবং কেন্দ্রের নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারকে সমর্থন জানিয়েছেন। এরপর থেকেই জুন মালিয়ার এই তৃণমূল ত্যাগ প্রসঙ্গে ব্যাপক জল্পনা হয় সোশ্যাল মিডিয়া জুড়ে। মঙ্গলবার প্রশাসনিক মিটিংয়ে জুন মালিয়া যোগ দেওয়ার আগেও পূর্ব মেদিনীপুরে একটি প্রশাসনিক সভায় তিনি যোগ দিয়েছিলেন, যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং।
এই দিন মেদিনীপুরে “দিশা” কমিটির মিটিং ছেড়ে বেরিয়ে আসার সময় সাংবাদিকরা তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে তিনি সরাসরি জানিয়ে দেন তিনি কোন রাজনৈতিক প্রশ্নের উত্তর দেবেন না।
২০২৬ এর বিধানসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে তিনি একটি প্রচার সভায় বিজেপি কর্মীদের ডিজে বাজানোর কথা বলেছিলেন। সেই ভিডিও সমাজ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। যদিও এই নিয়ে কিছু বলতে চাননি মেদিনীপুরের সাংসদ।
পালাবদলের আড়াই মাস পর মেদিনীপুরে সাংসদ জুন মালিয়া, ‘দিশা’ কমিটির বৈঠকে যোগ।












Leave a Reply