পাওয়ার হাউসের নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সরব রসকুণ্ডুর বাসিন্দারা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের রসকুণ্ডু গ্রামের রামপুর মৌজায় তৈরি হচ্ছে ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র (পাওয়ার হাউস)। নির্মাণকাজ শুরু হতেই কাজের মান নিয়ে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের নির্মাণসামগ্রী। স্থানীয়দের দাবি, সরকারি নির্দেশিকা ও নির্ধারিত নিয়ম মেনে কাজ না করেই ঠিকাদার সংস্থা তড়িঘড়ি ঢালাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে। ৩৩ কেভির মতো উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলে ভবিষ্যতে বড়সড় দুর্ঘটনা কিংবা প্রাণহানির আশঙ্কা রয়েছে বলেও দাবি তাঁদের।
ইতিমধ্যেই নির্মাণকাজের প্রতিবাদে কাজের জায়গায় জড়ো হয়ে বিক্ষোভ দেখিয়েছেন রসকুণ্ডুর বাসিন্দারা। তাঁদের দাবি, অবিলম্বে নির্মাণকাজ বন্ধ রেখে সরকারি আধিকারিকদের উপস্থিতিতে ব্যবহৃত নির্মাণসামগ্রীর গুণমান পরীক্ষা করতে হবে। নির্ধারিত সিডিউল ও মানদণ্ড মেনে কাজ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। তবে গ্রামবাসীদের তোলা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার পক্ষ থেকে জানানো হয় সমস্ত কাজই সরকারি নির্দেশিকা মেনেই তৈরি করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *