মাদক, জুয়া ও সাইবার প্রতারণা রুখতে সচেতনতার পাঠ, কৃষ্ণমাটিতে পুলিশের আইন শিবির।

বহরমপুর, নিজস্ব সংবাদদাতা: বহরমপুর থানার উদ্যোগে এবং হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় কৃষ্ণমাটি দেশবন্ধু ক্লাবে অনুষ্ঠিত হল আইন সচেতনতা শিবির। শিবিরে এলাকার সাধারণ মানুষকে বিভিন্ন আইনগত বিষয় এবং অপরাধ থেকে সতর্ক থাকার বিষয়ে সচেতন করা হয়।

অনুষ্ঠানে বহরমপুর থানার আইসি অবৈধ মাদক বিক্রি ও সেবনের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি জুয়া ও লটারির মতো কর্মকাণ্ড থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়।

বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে বাড়তে থাকা বিভিন্ন ধরনের প্রতারণা নিয়েও গ্রামবাসীদের সতর্ক করেন পুলিশ আধিকারিকরা। অপরিচিত ফোন, মেসেজ বা লিঙ্কের মাধ্যমে কীভাবে প্রতারণার ফাঁদে পড়তে হয় এবং এই ধরনের ঘটনা এড়াতে কী কী সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মানব পাচারের মতো গুরুতর অপরাধ সম্পর্কেও সাধারণ মানুষকে সচেতন করা হয়।

আইন সচেতনতা শিবিরে প্রচুর সংখ্যক গ্রামবাসী উপস্থিত ছিলেন। তাঁদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন উপস্থিত পুলিশ আধিকারিকরা। অনুষ্ঠানে হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার বিশিষ্ট ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ প্রতিরোধে শুধু পুলিশের ভূমিকা নয়, সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ ধরনের সচেতনতা কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে আইন সম্পর্কে জ্ঞান ও সতর্কতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *