ঢাকের তালে ও আতশবাজির ঝলকানিতে জমজমাট মালতীপুর, রাজকীয় কালী দৌড় দেখতে হাজারো মানুষের ভিড়।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— মালদার চাঁচলে ঢাকের তালে তালে মাতৃবন্দনা, আতশবাজির ঝলকানি আর হাজারো মানুষের উচ্ছ্বাস। সব মিলিয়ে সোমবার রাতে ঐতিহ্যের উৎসবে মেতে উঠল মালদহের মালতীপুর। বিসর্জনের আগে প্রায় ৩০০ বছরের প্রাচীন রীতি মেনে অনুষ্ঠিত হল ঐতিহাসিক কালী দৌড়।
আমকালী বিসর্জনের পর শুরু হয় দৌড় প্রতিযোগিতা। চনকা, হাট, শ্যামা, হ্যান্টা, বুড়ি ও বাজার কালী ছয়টি প্রতিমাকে কাঁধে নিয়ে দৌড়ে অংশ নেন কমিটি। পাটকাঠি জ্বালিয়ে কাশীপাড়ার গলিপথে সাতবার প্রদক্ষিণের পর প্রতিমাগুলি মিলিত হয় মালতীপুর সার্বজনীন দুর্গামণ্ডপের সামনে। সেই দৃশ্য দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ। অনেকে ক্যামেরা বন্দিও করেন। চাঁচলের রাজার উদ্যোগে এই দৌড়ের সূচনা হয়েছিল তিনশো বছর আগে। একসময় হাতিতে চেপে রাজপরিবারের সদস্যরাও এই প্রতিযোগিতা দেখতে আসতেন। নির্বিঘ্নে অনুষ্ঠান সম্পন্ন করতে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। ছিলেন চাঁচল থানার আইসি জয়দেব ঘোষ। ছিল কেন্দ্রীয় বাহিনীও।
আগে রাজার বুড়ি কালি ও প্রজাদের বাজার কালি দৌড়ে অংশ নিত। যারা জয়ী হতেন, তাদের পুরস্কৃত করতেন রাজা। তবে বর্তমানে সেই পুরস্কারের রীতি নেই। রাজার উদ্যোগে শুরু হওয়া কালী দৌড় বলে স্থানীয়দের আলাদাই একটা আবেগ তৈরি হয়। এদিন কাতারে কাতারে ভিড় জমেছিল। মালদহ জেলার বিভিন্ন ব্লক থেকে মানুষজন ভিড় জমান। এক কালী অন্য কালীর সঙ্গে যখন মুখোমুখি হচ্ছিলেন, সেসময় ভক্তরা উলু ধ্বনি দিয়ে উচ্ছ্বাসিত হয়ে উঠেন। সব মিলিয়ে নির্বিঘ্নে এবারও ঐতিহাসিক রাজকীয় কালী দৌড় সম্পন্ন হল এবার।আপনার দেখতেই পাচ্ছেন, কাঁধে শক্ত করে মাতৃ প্রতিমা নিয়ে ছুটছেন কমিটির সদস্যরা। বাজি পুড়ছে, রীতিমতো আলোর রোশনায় ভরেছে মালতীপুর। রাত্রী এগারোটা পর্যন্ত কালী দৌড় চলে এবছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *