মালদা, নিজস্ব সংবাদদাতা:- দীপাবলির আগে বাজি বিক্রির প্রস্তুতি শুরু মালদা জেলাজুড়ে। সোমবার ইংরেজবাজার শহরের গ্রিন পার্কে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল বাজির বাজারের। এবছর খুচরো ও পাইকারি মিলিয়ে মোট ৫৩টি স্টল থাকছে এই বাজারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তেও বসতে চলেছে বাজির অস্থায়ী বাজার।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইংরেজবাজারের পাশাপাশি হবিবপুরের আইহো ও বুলবুলচণ্ডী, বামনগোলার পাকুয়া, গাজোল, সামসি, চাঁচল, হরিশ্চন্দ্রপুর এবং কালিয়াচকেও বাজির অস্থায়ী বাজার বসবে। নির্দিষ্ট নিয়ম মেনে যাতে বাজি বিক্রি হয়, সেদিকে বিশেষ নজরদারি চালানো হবে প্রশাসনের পক্ষ থেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক, পুলিশ সুপার অনুপম সিংহ, ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান অম্লান ভাদুড়ি, ডিআইজি অঞ্জলি সিংহ-সহ প্রশাসন ও পুলিশের অন্যান্য আধিকারিকরা।
অনুষ্ঠানে পুলিশ সুপার অনুপম সিংহ জানান, সরকারি নির্দেশিকা মেনেই বাজি বিক্রি করতে হবে। প্রতিটি বাজির প্যাকেটে বাধ্যতামূলকভাবে QR কোড থাকবে। সেই কোড স্ক্যান করলেই সংশ্লিষ্ট বাজি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন ক্রেতারা। পাশাপাশি অবৈধভাবে অন্যত্র বাজি বিক্রি বন্ধ করতে পুলিশের তরফে বিশেষ নজরদারি চালানো হবে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ৯ নভেম্বর পর্যন্ত চলবে এই বাজির বাজার। নিরাপদ ও নিয়ম মেনে বাজি কেনাবেচা নিশ্চিত করতেই প্রশাসনের এই উদ্যোগ।