রাহুল গান্ধীকে ঘুমন্ত অবস্থায় দেখিয়ে সল্টলেকে পোস্টার, নেপথ্যে কারা তা নিয়ে জল্পনা।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: সল্টলেকের বিভিন্ন প্রান্তে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ঘুমন্ত অবস্থার ছবি দেওয়া পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পোস্টারের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কটাক্ষপূর্ণ প্রশ্ন—‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’ মঙ্গলবার সকালে করুণাময়ী বাস টার্মিনাস থেকে শুরু করে সল্টলেকের একাধিক এলাকায় এই পোস্টার নজরে আসতেই শোরগোল পড়ে যায়।

পোস্টারগুলিতে রাহুল গান্ধীর দুটি ছবি ব্যবহার করা হয়েছে। একটি ছবিতে সংসদে নিজের আসনে বসে গালে হাত দিয়ে চোখ বন্ধ করে থাকতে দেখা যাচ্ছে তাঁকে। অন্য ছবিতেও তাঁর ঝিমিয়ে পড়ার মতো ভঙ্গি ধরা পড়েছে। দুটি ছবিকে পাশাপাশি তুলে ধরে রাহুল গান্ধীর সংসদে ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করা হয়েছে পোস্টারের মাধ্যমে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সোমবার সন্ধ্যা পর্যন্ত এলাকায় এই পোস্টার চোখে পড়েনি। তাঁদের অনুমান, রাতের অন্ধকারে সল্টলেকের বিভিন্ন জায়গায় পোস্টারগুলি লাগানো হয়েছে। তবে কারা এই পোস্টার লাগিয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে পোস্টার লাগানোর অভিযোগ উঠলেও এ বিষয়ে কোনও নিশ্চিত প্রমাণ সামনে আসেনি।

উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের আন্দোলন ও বিক্ষোভের আবহেই এই ঘটনা। সেই আন্দোলনে বিরোধী শিবিরের অন্যতম প্রধান মুখ রাহুল গান্ধী। আর তাঁকে ঘিরেই এবার সল্টলেকের রাস্তায় এমন কটাক্ষমূলক পোস্টার রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

অন্যদিকে, পোস্টার নিয়ে পাল্টা সরব হয়েছে কংগ্রেসও। কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরীর বক্তব্য, সংসদে কোনও সময় চোখ বন্ধ হয়ে আসতেই পারে। সেই মুহূর্তের ছবি নিয়ে এভাবে পোস্টার তৈরি করা নিম্নরুচির পরিচয়। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, পাল্টা পোস্টার তৈরির মতো উপাদান কংগ্রেসের কাছেও রয়েছে।

সব মিলিয়ে সল্টলেকের এই পোস্টার-কাণ্ডকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ার ইঙ্গিত মিলছে। তবে এই পোস্টারের নেপথ্যে কারা রয়েছেন, সেই প্রশ্নের উত্তর এখনও অধরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *