গয়েশপুরে ৭৩তম বর্ষে গোকুলপুর জনকল্যাণ ক্লাবের শ্যামাপুজো, রাজবাড়ির আদলে নজরকাড়া মণ্ডপ।

গয়েশপুর, নিজস্ব সংবাদদাতা :- আলোর উৎসবে ফের সেজে উঠল গয়েশপুর। গোকুলপুর জনকল্যাণ ক্লাবের উদ্যোগে এবার ৭৩ তম বর্ষে পদার্পণ করল শ্যামা পুজো। আর এবারের বিশেষ আকর্ষণ — ভাবনা ‘রাজবাড়ী’।

দীর্ঘ ৭৩ বছরের ঐতিহ্য বহন করে চলেছে এই ক্লাব। একসময় ছোট্ট করে শুরু হওয়া পুজো আজ গয়েশপুরের অন্যতম সেরা আকর্ষণে পরিণত হয়েছে। প্রতি বছরই নতুন ভাবনা, নতুন চমক নিয়ে হাজির হয় ক্লাব কর্তৃপক্ষ। এবারও তার ব্যতিক্রম হয়নি।

এবারের মণ্ডপ সেজে উঠেছে রাজবাড়ীর আদলে। রাজবাড়ীর সিংহদরজা, খিলান, কারুকার্য করা থাম, ঝাড়বাতি আর রাজকীয় অন্দরমহল — সব মিলিয়ে মণ্ডপে ঢুকলেই মনে হবে, যেন এক টুকরো ইতিহাসের মধ্যে ঢুকে পড়েছেন দর্শনার্থীরা। আলোর রোশনাইয়ে রাতের বেলায় আরও মোহময়ী হয়ে উঠছে এই রাজবাড়ী।

মায়ের প্রতিমাতেও রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। শ্যামা মায়ের সোনালি সাজ, অলঙ্কার আর রাজকীয় পরিবেশ — দর্শকদের মন কেড়ে নিচ্ছে।

পুজো উপলক্ষে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। গয়েশপুর ছাড়াও কল্যাণী, কাঁচরাপাড়া, হালিশহর সহ আশপাশের এলাকা থেকে দর্শনার্থীরা আসছেন রাজবাড়ী দেখতে। পুজোকে কেন্দ্র করে বসেছে মেলা, রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, ভোগ বিতরণেরও আয়োজন রয়েছে ক্লাবের তরফে।

ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য, “৭৩ বছর ধরে মানুষের ভালোবাসা নিয়েই আমাদের পথ চলা। রাজবাড়ী ভাবনার মধ্যে দিয়ে আমরা বাংলার হারিয়ে যাওয়া জমিদারি ঐতিহ্যকে তুলে ধরতে চেয়েছি। সকলকে আমাদের পুজোয় আমন্ত্রণ।”

সব মিলিয়ে এবারের শ্যামা পুজোয় গোকুলপুর জনকল্যাণ ক্লাবের রাজবাড়ী যে দর্শকদের মনে আলাদা জায়গা করে নেবে, তা বলাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *