মালদা, নিজস্ব সংবাদদাতা:—- পৌরসভা বরাদ্দকৃত প্লাস্টিকের অসংখ্য বালতি পড়ে পড়ে নষ্ট হচ্ছে তৃণমূলের দলীয় কার্যালয়ে। এমনই অভযোগকে ঘিরে মঙ্গলবার সাত সকালে জোর চাঞ্চল্য তৈরি হল মালদার ইংরেজবাজার পৌরসভার ২১নং ওয়ার্ডের গয়েশপুর এলাকায়। ঘটনায় একরাশ ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় বিজেপি কাউন্সিলর তথা বিজেপির মহিলা মোর্চার দক্ষিণ মালদার সভানেত্রী সুপতা মুখার্জি। তার অভিযোগ, গয়েশপুর এলাকায় তৃণমূলের এই কার্যালয় ভোটের ফল ঘোষণার পরেই বন্ধ হয়ে যায়। কিন্তু মাঝে মধ্যেই কেউ বা কারা এই দলীয় কার্যালয় চুপিসারে খুলতেন। খোলার সময় স্থানীয়রা দেখতে পেয়েছিলেন কার্যালয়ের ভেতর পৌরসভার বরাদ্দকৃত প্লাস্টিকের অসংখ্য বালতি জমা করে রাখা রয়েছে। সেই সঙ্গে পৌরসভার কিছু লাইট ও ইলেক্ট্রিক সরঞ্জাম রয়েছে। যা দেখতে পেয়ে সোমবার রাতে কেউ বা কারা সেই দলীয় কার্যালয়ের তালা ভেঙে দেন এবং স্থানীয়রা লক্ষ্য করেন তৃণমূলের দলীয় কার্যালয়ের ভেতর অসংখ্য প্লাস্টিকের বালতি পড়ে রয়েছে। সেই সঙ্গে কিছু ইলেক্ট্রিক সরঞ্জাম জমা করে রাখা আছে। যা দেখতে পেয়ে রাতেই স্থানীয়রা খবর দেন স্থানীয় বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জিকে। তিনি খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে ছুটে যান এবং গোটা ঘটনায় একরাশ ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগ, পৌরসভার এই সমস্ত প্লাস্টিকের বালতি সাধারণ মানুষের পাওয়ার কথা। কিন্তু মানুষকে বালতি না দিয়ে তৃণমূলের লোকজনেরা তাদের দলীয় কার্যালয়ে ফেলে রেখেছে। তাই সরকারি সম্পত্তি নয়ছয় করার জন্য তিনি পুলিশে অভিযোগ করবেন।