চার দিনের সফরে কলকাতায় কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর, কৃষি উন্নয়ন নিয়ে একাধিক বৈঠক।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: কৃষি ও কৃষকদের উন্নয়ন এবং কৃষিজমি রক্ষার উদ্যোগকে আরও গতিশীল করতে চার দিনের সফরে কলকাতায় এলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান তফশিলি জাতি, আদিবাসী, প্রাক্তন সৈনিক এবং কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের সম্পাদক সৌমেন কোলে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “ক্ষেত বাঁচলে মানুষ বাঁচবে, মানুষ বাঁচলে পৃথিবী।” তাঁর এই বক্তব্যে কৃষিজমি সংরক্ষণের গুরুত্ব বিশেষভাবে উঠে আসে।

গত ২৮ ও ২৯ অক্টোবর দেশের বিভিন্ন রাজ্যের কৃষিমন্ত্রী, কৃষিবিজ্ঞানী এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে কৃষিজমি রক্ষার বিষয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে গৃহীত উদ্যোগ ও কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই মন্ত্রীর এই সফরের অন্যতম উদ্দেশ্য বলে জানা গিয়েছে।

সফরকালে রাজ্য কৃষি দপ্তর, ভারতীয় কৃষি গবেষণা পরিষদ (ICAR), সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ এডুকেশন (CIFE) এবং প্রাকৃতিক তন্তু প্রকৌশল ও প্রযুক্তি সংক্রান্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।

অন্যদিকে, কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের সম্পাদক সৌমেন কোলে জৈব সারের উপকারিতা এবং কৃষিকাজে তার প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন। এই কর্মসূচিতে পশ্চিমবঙ্গের ১৬টি জেলা থেকে সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কৃষিজমি সংরক্ষণ, জৈব সার ব্যবহারের প্রসার এবং কৃষকদের উন্নয়নের লক্ষ্যে এই সফর ও সংশ্লিষ্ট বৈঠকগুলি কতটা কার্যকর ভূমিকা নেয়, এখন সেদিকেই নজর রয়েছে কৃষিমহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *