বামনগোলার পাকুয়াহাটে জনজাতি গৌরব দিবস পালনে বিতর্ক, বিজেপির অভিযোগ—‘মঞ্চ ত্রিপল দিয়ে ঢেকে দিল তৃণমূল’।

মালদা, নিজস্ব সংবাদদাতা: জনজাতি গৌরব দিবস উপলক্ষে বামনগোলা ব্লকের পাকুয়াহাটে ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী পালন করতে গিয়ে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। শনিবার সকালে পাকুয়াহাট বিজেপি পার্টি অফিস থেকে র‍্যালি বের হয়ে ডাকবাংলা পর্যন্ত পৌঁছে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্পণ করেন হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু ও অন্যান্য কর্মী-সমর্থকরা।

র‍্যালি শেষে ডাকবাংলা বাজার এলাকায় একটি পথসভার আয়োজন ছিল। তবে সেখানে পৌঁছে বিজেপি বিধায়ক দেখতে পান সভার মঞ্চটি ত্রিপল দিয়ে সম্পূর্ণ ঘিরে রাখা হয়েছে। এরপরই ক্ষোভ প্রকাশ করেন বিধায়কসহ উপস্থিত বিজেপি নেতৃত্ব।

বিধায়ক জুয়েল মুর্মুর অভিযোগ, “তৃণমূলের মদতেই ইচ্ছাকৃতভাবে মঞ্চ ঘিরে আমাদের সভা আটকানোর চেষ্টা করা হয়েছে।”
একই সুরে বিজেপির উত্তর মালদা জেলার সাধারণ সম্পাদক বিনা সরকার কীর্তনীয়াও বলেন, “শাসক দলের সক্রিয় ভূমিকার ফলেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। বিজেপির অনুষ্ঠান সফল হতে না দেওয়ার জন্যই এই ষড়যন্ত্র।”

তবে তৃণমূলের দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তৃণমূলের ব্লক সভাপতি দিজবর জয়ধর বলেন, “এ ঘটনায় তৃণমূলের কোনও ভূমিকা নেই। বিজেপি সভা করলে আমাদের কোনও আপত্তি নেই। যা বলা হচ্ছে সবই মিথ্যে।”

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তরজা আরও বেড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *